সময়পত্র ডেস্ক: এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়েও ভাবছে সরকার।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
তিনি বলেন, এসএসসির ফলাফলই জীবনের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি নয়। এ বছর পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মাহাদী আমিন আরও জানান, শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় কাউকে প্রশিক্ষণ দেওয়া হবে, কাউকে ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া হবে। আবার কাউকে তৃতীয় ভাষায় দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
তবে কোনো শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে চাইলে তার জন্যও সেই সুযোগ উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।

