সময়পত্র ডেস্ক: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রংপুরের বিভিন্ন পূজামণ্ডপে সিসিটিভির পাশাপাশি নাইট ভিশন ও রিচার্জেবল ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) মিজ ইসরাত জাহান।
সভায় সিদ্ধান্ত হয়, পূজা শেষ না হওয়া পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকাগুলো নিরাপত্তার আওতায় রাখা হবে। একই সঙ্গে সিসিটিভি, আইপি ক্যামেরা এবং রিচার্জেবল ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। বিশেষ করে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে নাইট ভিশন ক্যামেরা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ মেট্রিক টন করে চাল এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ প্রদানের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা ও পূজা আয়োজনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সভায় সংশ্লিষ্ট অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন।
সভায় মহানগর পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার বাহিনী, পূজা উদযাপন ফ্রন্টসহ রংপুরের ৮ উপজেলার মন্দির কমিটির প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

