ক্রিড়া ডেস্ক: বুরকিনা ফাসোর বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৭-০ গোলের বড় জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জয় পেল লিওনেল স্কালোনির দল।
রোববার (৪ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ৬০ ধাপের ব্যবধানের প্রভাব শুরু থেকেই মাঠে স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে একতরফা আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা।
ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বক্সের মধ্যে আগুস্তিন জিয়েকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো। লাউতারোর প্রথম স্পট-কিক গোলরক্ষক আবদুল গুইরা ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার।
এর চার মিনিট পরই আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আর্জেন্টিনার শট ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই পাঠিয়ে দেন দিয়ালো। ম্যাচের অষ্টম মিনিটে লাউতারোর পাস থেকে দারুণ প্লেসমেন্টে গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি।
প্রথম আট মিনিটেই তিন গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বুরকিনা ফাসো। ৭৫ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। ৩৫তম মিনিটে ডান প্রান্ত থেকে নিচু শটে চতুর্থ গোলটি করেন নিকো পাজ। বিরতির ঠিক আগে প্রেস্তিয়ানির পাস থেকে পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার কোচ স্কালোনি দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে তুলে নিয়ে বেঞ্চের অন্যদের সুযোগ দেন। অন্যদিকে ব্যবধান কমানোর আশায় একাধিক পরিবর্তন আনেন বুরকিনা ফাসোর কোচ আমির আবদু। তবে তাতে ম্যাচের চিত্র বদলায়নি।
৫৭তম মিনিটে দুর্দান্ত দলীয় আক্রমণ থেকে জোরালো শটে ষষ্ঠ গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তানতোনো। ম্যাচের যোগ করা সময়ে হেডে বুরকিনা ফাসোর জালে সপ্তম গোলটি করেন হুলিয়ানো সিমেওনে।
এই জয়ে শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার গোলসংখ্যা দাঁড়াল ১১টি। অন্যদিকে নিজেদের শেষ সাত পরাজয়ের ছয়টিতেই গোল করতে পারেনি বুরকিনা ফাসো।

