ক্রিড়া ডেস্ক: টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ আর শেষ মুহূর্তের স্নায়ুচাপের মধ্য দিয়ে শেষ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। টাইব্রেকারে সাটুরিয়ার জে.আর স্টাইল পয়েন্ট এলিভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিরামপুরের ফয়সাল স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। খেলা শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জায়গা না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।
৭০ মিনিটের নির্ধারিত খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক আক্রমণ চালালে জমে ওঠে শিরোপার লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করলে ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ। পরে শিরোপা নির্ধারণে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে ফয়সাল স্পোর্টিং ক্লাব।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ফয়সাল স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিমেল ম্যাচসেরার পুরস্কার পান।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেওয়ান সোহেল। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করে বায়রা তরুণ সংঘ।
চ্যাম্পিয়ন দল ফয়সাল স্পোর্টিং ক্লাব পায় এক লাখ টাকা প্রাইজমানি। রানার্সআপ জে.আর স্টাইল পয়েন্ট এলিভেনকে দেওয়া হয় ৫০ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ১০ দর্শককেও পুরস্কৃত করা হয়।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে ম্যাংগো টেলি সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল মান্নানের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশাফুল ইসলাম রানা বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকায় দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় ধারাভাষ্য দেন এস আর হাবিব। রেফারির দায়িত্ব পালন করেন ফাহিম আশরাফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শরীফ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ঘিরে বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে নামে দর্শকের ঢল। পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস ও করতালি। শেষ বাঁশি বাজার পর টাইব্রেকারে ফয়সাল স্পোর্টিং ক্লাবের শিরোপা জয় উদযাপনে মাতেন খেলোয়াড় ও সমর্থকেরা।

