সময়পত্র ডেস্ক: কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম ইব্রাহিম। তিনি টেকনাফের হ্নীলা এলাকার ২৬ নম্বর মোছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর উখিয়ার ধমনখালী এলাকায় স্থানীয় এক যুবককে অপহরণের চেষ্টা করেন ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে দুজনকে গ্রেফতার দেখায় পুলিশ। গণপিটুনিতে আহত হওয়ায় ইব্রাহিমকে পুলিশি পাহারায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পুলিশের পাহারায় থাকা সদস্যদের অসতর্কতার সুযোগে বুধবার রাতে ইব্রাহিম হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এদিকে পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

