সময়পত্র ডেস্ক: সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতেই চলবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে মিরপুরের রাড্ডা ক্লিনিক ও গতরাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, সফরটি ফলপ্রসূ ও সফল হয়েছে। জাতিসংঘে দেওয়া ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরার পাশাপাশি স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো চাপের মুখে নয়, বরং দুই দেশের পারস্পরিক স্বার্থ বিবেচনা করেই এ চুক্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে রোববার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পরে রাত ২টায় এমিরেটসের ‘ইকে-৫৮২’ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
পাঁচ দিনের নিউইয়র্ক সফরে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন।

