সময়পত্র ডেস্ক: জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা কয়েকটি ফোনালাপ থেকে এ তথ্য উঠে এসেছে।
ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদের মধ্যে হওয়া ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
ফোনালাপে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা এবং তাদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। হারুন অর রশিদ জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওই ছবি প্রকাশ করা হয়েছিল।
পরে বিষয়টি শেখ হাসিনার নজরে এলে তিনি এতে ক্ষুব্ধ হন এবং হারুনকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে ফোনালাপ থেকে জানা যায়।
তবে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সমস্যা তৈরি হতে পারে—এমন আশঙ্কার কথাও ফোনালাপে উঠে আসে।
এর আগে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদের কথোপকথনের আরও কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
এদিকে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় আজ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

