নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

