সৌদি আরবের মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি। তথ্যসূত্র: সৌদি প্রেস এজেন্সি
সোমবার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
ঐতিহাসিক এই পাণ্ডুলিপিতে কোরআনের আয়াত লেখার পাশাপাশি তৎকালীন সময়ের নিখুঁত কারুকাজ ও অলংকরণশিল্পেরও চমৎকার নিদর্শন রয়েছে। এতে ইসলামী ক্যালিগ্রাফির বিভিন্ন ধারার বৈশিষ্ট্য ফুটে উঠেছে, যা ওই সময়ের শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে।
কালো কালি দিয়ে লেখা পাণ্ডুলিপিটিতে হরকত ও অন্যান্য স্বরচিহ্ন অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সে সময় কতটা গুরুত্ব দেওয়া হতো, এসব চিহ্নে তারই প্রতিফলন দেখা যায়।
পাণ্ডুলিপির শুরুর পাতাগুলোতে রয়েছে ফুলেল নকশা ও সূক্ষ্ম অলংকরণ। এসব নকশা সে সময়ের কোরআনিক পাণ্ডুলিপি সাজানোর বিশেষ শিল্পরীতির পরিচয় বহন করে।
জাদুঘরে প্রদর্শিত এই ঐতিহাসিক পাণ্ডুলিপি দর্শনার্থীদের হাতে লেখা কোরআনের ইতিহাস ও বিকাশ সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি আরবি ক্যালিগ্রাফির বিবর্তন, পাণ্ডুলিপি তৈরির কৌশল এবং অলংকরণ ও সোনালি কারুকাজের ঐতিহ্য সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে।
ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি ইসলামী শিল্প, ক্যালিগ্রাফি ও প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও ১৮শ শতকের এই কোরআনের পাণ্ডুলিপিটি বিশেষ গুরুত্ব বহন করছে।

