নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

