সময়পত্র ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবে প্রবাসী কল্যাণ বিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে অগ্নিকাণ্ডের এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার হঠাৎ করে ওই সোফা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে সহকর্মীরা জানিয়েছেন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শুরু হয় উদ্ধার অভিযান।
এদিকে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়ায় এবং কয়েকজন কর্মী গুরুতর দগ্ধ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

