সময়পত্র ডেস্ক: দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হলে দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা থাকলে বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব নয়।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে কোনো প্রস্তাবনা থাকলে তা সংসদে উপস্থাপন করতে হবে। বিভ্রান্তি তৈরি করা যাবে না। দেশকে আর পিছিয়ে রাখা যাবে না, সামনে এগিয়ে যেতে হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা দেশের মানুষের স্বার্থের অনুকূলে ছিল না।
তিনি বলেন, সেই অপরিকল্পিত ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। জ্বালানি সংকট সমাধানে সময় প্রয়োজন উল্লেখ করে আগামী ১০ বছরে দেশের জ্বালানি খাত কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

