সময়পত্র ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ১১ দল সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে তাকে প্রার্থী করা হয়েছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথেই হাঁটছে। ইতোমধ্যে সরকার সাংবিধানিক নানা সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ১১ দলের প্রতি কৃতজ্ঞতা জানান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘জাতিকে কথা দিচ্ছি, প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সঙ্গে ও জনগণের সঙ্গে বেইমানি করব না। সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করব।’
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এরই মধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

