সময়পত্র ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি অবশেষে ঢাকায় পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটিতে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন।
তবে কয়েক ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১৯ মিনিটে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
বিমানটি অবতরণের পর ত্রুটি সারানোর চেষ্টা চালানো হলেও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। প্রায় আট ঘণ্টা ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থানের পর ফ্লাইটটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। পরে যাত্রীদের টার্মিনালে নেওয়া হয়।
বিমানটি সচল করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে প্রকৌশলীদের একটি দল প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে রোমে যায়। তাদের প্রচেষ্টায় যান্ত্রিক ত্রুটি সারানোর পর অবশেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
দীর্ঘ অপেক্ষার পর রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

