সময়পত্র ডেস্ক: চাঁদপুরে সিভিল আদালতে মামলা পরিচালনাকালে অ্যাডভোকেট মো. রুহুল আমিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাইমচর সিভিল জজ আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অ্যাডভোকেট রুহুল আমিন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অ্যাডভোকেট রুহুল আমিন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।
তাঁর মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

