সময়পত্র ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। সেমিনারে পার্বত্য অঞ্চলের জনগণের জীবন, ভূমির অধিকার ও সংস্কৃতির প্রতি সম্মান নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে একটি পক্ষ তাদের দুর্বল রাখতে চায়। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে তাদের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি অপ্রতিরোধ্য শক্তির কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হয়নি।
এর আগে এক অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেছিলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা না হলে বাংলাদেশে কোথাও গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।

