সময়পত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্প ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরা ও ডাম্প ট্রাকের মোট মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দ করা ভারতীয় জিরাসহ ডাম্প ট্রাকটি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের ওয়্যারহাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

