সময়পত্র ডেস্ক: নদী রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীর দূষণ ও দখল রোধে সমন্বিত প্রকল্প গ্রহণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
আব্দুস সালাম বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়সহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় এনে নদীর দূষণ ও দখল রোধে কাজ করা হবে। নদী রক্ষা করা না গেলে মানুষ ও পরিবেশ উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
তিনি আরও বলেন, নদীদূষণের সঙ্গে জড়িত কারখানার মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় দূষণকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

