নিজস্ব প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন তিনি।
উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়া হবে।
জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, আর শিশুদের জন্য ২৫ টাকা।
জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্মৃতি, দলিল ও নিদর্শন সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ওই সময়ের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

