নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরের অপেক্ষায় থাকা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইয়ো হান-কু।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তিটি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পরিধি আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে।
তিনি জানান, এরই মধ্যে বেশ কয়েকটি দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। ভবিষ্যতে আরও কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাহাজ নির্মাণে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনাময় জনশক্তি।
বাংলাদেশে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে স্থানীয় কর্মীদের জাহাজ নির্মাণ প্রযুক্তি ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগানোর সুযোগ তৈরির কথাও বলেন তিনি।
এ ছাড়া কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে কোরিয়ান ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বাংলাদেশে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়।
বাংলাদেশের এসব উদ্যোগ দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন ইয়ো হান-কু।
বৈঠকের শেষ পর্যায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

