নিজস্ব প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক যুবক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রাম এলাকার সোহেল বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রমজানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাদারীপুর শহর থেকে বাড়ির দিকে ফিরছিলেন আশিক। ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আশিক ও রমজান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

