নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত ব্যাগ ও বস্তা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশিতে জানা যায়, এগুলোর কোনোটিতেই বিস্ফোরক বা বিপজ্জনক কোনো বস্তু ছিল না।
শনিবার (১ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি সন্দেহজনক ব্যাগে এক্স-রে পরীক্ষায় কৌটাসদৃশ বস্তু দেখতে পান সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। নিরাপত্তা প্রটোকল মেনে ব্যাগটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার পর দেখা যায়, এর ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বস্তুটি ছিল একটি খালি বস্তা, যা দলা পাকিয়ে রাখা হয়েছিল। পরীক্ষা করে এর ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
দুটি ঘটনাতেই পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। পরে ডিএমপি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ দেখলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ জানিয়েছে।

