নিজস্ব প্রতিনিধি: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিরপুর-১০ স্টেশনে পাওয়া ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। আর ফার্মগেটে পাওয়া বস্তাটি ছিল খালি বস্তা, যা দলা পাকিয়ে রাখা হয়েছিল।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এক্স-রে পরীক্ষায় সন্দেহজনক ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এরপর ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান রয়েছে।
অন্যদিকে, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে বস্তাটি পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রির মাধ্যমে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, বস্তাটির ভেতরে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক রয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

