হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানকে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারী দেশ ও জাহাজ পরিচালনাকারীদের স্বেচ্ছা ফি থেকে পরিচালন ব্যয় নির্বাহ করা হবে। তথ্যসূত্র: আল-জাজিরা
উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, ওমানের এ প্রস্তাব ইতোমধ্যে আঞ্চলিক সমর্থন পেয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না; বরং সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণে একটি যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
জানা গেছে, প্রস্তাবটি মালাক্কা প্রণালির পরিচালনা মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। ওই ব্যবস্থায় প্রণালি ব্যবহারকারীরা স্বেচ্ছায় অর্থ প্রদান করেন, যা নৌ-চলাচলের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে ব্যয় করা হয়।
এদিকে, গত সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিমান হামলার অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমঝোতা হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল আবারও শুরু হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

