সময়পত্র ডেস্ক: চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণের পর ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে কেবিন ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো যাত্রী হতাহত হননি।
গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদন এবং সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই লানঝু থেকে গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো চায়না ইস্টার্নের এমইউ২৪২১ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
জানা যায়, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি টার্মিনালের দিকে ট্যাক্সি করার সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত কেবিন ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানবন্দরের দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।
অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ আহত না হলেও বিমানের কেবিনে ধোঁয়াজনিত কিছু ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে। এক ফ্লাইট অ্যাটেনডেন্ট কম্পার্টমেন্ট খুলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং অন্য ক্রু সদস্যরাও পরিস্থিতি সামাল দিচ্ছেন।
চায়না ইস্টার্নের নীতিমালা অনুযায়ী, যাত্রীরা কেবিন ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারলেও সেটি ওভারহেড কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ। এছাড়া ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ারও অনুমতি নেই।

