সময়পত্র ডেস্ক: রাজধানীতে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ মেলা-২০২৬’। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাবের মহাসচিব ফরিদ আহমেদ।
তিনি জানান, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলায় হজ ও ওমরাহযাত্রীদের জন্য বিভিন্ন তথ্য, প্যাকেজ ও সেবা তুলে ধরা হবে।
ব্রিফিংয়ে ফরিদ আহমেদ অভিযোগ করেন, লাইসেন্সবিহীন হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতারণা এড়াতে হজ ও ওমরাহযাত্রীদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কিছু মহল। তবে কোনো ধরনের সিন্ডিকেটকে হাব সমর্থন করে না বলেও উল্লেখ করেন।
এবারের মেলায় হজ এজেন্সি, ব্যাংক এবং বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের ১৫০টিরও বেশি স্টল থাকবে। এসব স্টলে হজ ও ওমরাহ গমনেচ্ছুরা প্যাকেজ, নিবন্ধন প্রক্রিয়া, ব্যাংকিং সুবিধা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন।

