নিজস্ব প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনায় গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত আইন মেনেই দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতির সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় মো. সাহাবুদ্দিন স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের শুরুর কয়েক মাস সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি দায়িত্ব পালনে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলো তাদের মতামত বা সমালোচনা প্রকাশ করতে পারে। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, সেগুলোর মধ্যে গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় সরকার দেখছে না।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী তিনি প্রাপ্য সব সুবিধা ভোগ করবেন। তার নিরাপত্তায় নির্ধারিত সময় পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর) দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করবে।
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী রাষ্ট্রপতির সম্ভাব্য টেলিফোন আলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যোগাযোগ করা সম্ভব। এ ধরনের বিষয়ে বিদেশ সফরের প্রয়োজন আছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই।
রথযাত্রা ও উল্টো রথ উৎসব উপলক্ষে সরকারের প্রস্তুতির বিষয়ে তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোও দায়িত্ব পালন করেছে।
দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণের লক্ষ্যে প্রয়োজনীয় সব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং সরকার বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সরকার তাদের যথাযথভাবে মূল্যায়ন করবে। তবে দায়িত্বে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

