নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা, সততা ও দায়িত্ব পালনের রেকর্ডকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখতে হবে। এ বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর প্রথম ধাপে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে।

