নিজস্ব প্রতিনিধি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (২৬ জুলাই) প্রথম কার্যদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ। দিনব্যাপী বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হচ্ছে।
সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে ফিরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

