নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে আজ রোববার (২৬ জুলাই) তিনি সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসায় উঠতে পারেন বলে জানা গেছে।
এর আগে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী মতবিনিময় করেন তিনি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মো. সাহাবুদ্দিন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানে মো. সাহাবুদ্দিনের বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে তার স্থানান্তর নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আপাতত তার নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানে পিজিআর ও এসএসএফের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম তিনি বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন।

