নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের দাবি, রফিকুল ইসলাম নিয়মিত ইজিবাইক চালাতেন। রাতে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম তাঁকে কিল-ঘুষি মারেন। এতে রফিকুলের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিমরাইল এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ জানান, অভিযুক্ত নাদিম তাঁদের স্ট্যান্ডের চালক এবং তাঁর বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়। ঘটনার পর তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

