সময়পত্র ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তবে টানা শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, আর তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই সূচকটি নির্ধারণ করা হয়।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি। তবে অবস্থান উন্নীত হয়ে বাংলাদেশ ১০০তম স্থান থেকে ৯৭তম স্থানে উঠে এসেছে।
সূচকে দেখা গেছে, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত—যাদের নাগরিকরা ১৮৮টি দেশে এ সুবিধা পান। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের দেশগুলোরই আধিপত্য দেখা গেছে। বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডসসহ ১১টি দেশ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। ভারতের অবস্থান ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল (৯৮তম), আর পাকিস্তানের অবস্থান ১০১তম।
অন্যদিকে, ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান ১০ম, চীনের ৬০তম, সৌদি আরবের ৫৪তম এবং রাশিয়ার ৪২তম। সূচকের একেবারে শেষ অবস্থানে থাকা আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২২টি দেশে আগাম ভিসা ছাড়া বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।

