সময়পত্র ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা দরে কিনেছেন চট্টগ্রামের সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি। পরে সেটি বিক্রির জন্য ইউনুস মণ্ডলের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।
নিলামে প্রথমে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ প্রতি কেজি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কেনেন। পরে তিনি অনলাইনের মাধ্যমে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মাছটি সৌদি আরবপ্রবাসী এক ক্রেতার কাছে বিক্রি করেন।
এদিকে, পদ্মার বিরল ও বড় আকৃতির ঢাই মাছের খবর ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে আড়তে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ঢাই মাছ অত্যন্ত সুস্বাদু হলেও বর্তমানে নদীতে খুব কমই ধরা পড়ে। তিনি বলেন, গত বছর ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ কিনেছিলেন, আর এবার পেলেন ১০ কেজি ৮০০ গ্রামের আরেকটি বিরল মাছ।

