সময়পত্র ডেস্ক: প্রযুক্তিকে ভয় পাওয়ার পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীলভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রযুক্তির সুফল নিশ্চিত করতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সমাজের সব মানুষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, নীতিনির্ধারক এবং কনটেন্ট নির্মাতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোরী ও তরুণীদের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

