সময়পত্র ডেস্ক: মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনর্গ্যাসীকৃত তরল প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সংকট অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি আরএলএনজি সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে তিতাসের বিতরণ ব্যবস্থায়, ফলে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহককে গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এ সমস্যার কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। পাশাপাশি কারিগরি ত্রুটি দূর করে দ্রুত স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

