সময়পত্র ডেস্ক: অপতথ্য, গুজব ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো রোধে সরকার একটি আইনজীবী প্যানেল গঠন করেছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে। একই সঙ্গে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়াচ্ছেন, তাদের সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দীর্ঘ ১৭ বছরে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রিসভার কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী প্রয়োজনে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ ধরনের পরিবর্তন কবে হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
এছাড়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার এক বছর পরও ঘোষিত ক্ষতিপূরণ পুরোপুরি প্রদান না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তথ্য যাচাই-বাছাই শেষে সরকার ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করবে।

