সময়পত্র ডেস্ক: কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে একদিনের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। ঘোষণানুযায়ী, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে কার্যক্রম বন্ধ থাকবে।
সংগঠনটির নেতারা জানান, দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে।
তাদের দাবি, বর্তমানে প্রতি ঘনমিটারে যে কমিশন দেওয়া হয়, তা বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। তবে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটারে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি এবং ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এসব কারণেই কমিশন পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

