ক্রীড়া ডেস্ক: স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
দেশটির জরুরি চিকিৎসাসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের একজনের বয়স ৬৭ বছর এবং অপরজনের বয়স ৮৮ বছর। তারা দুজনই বুয়েনস আইরেসের বাসিন্দা।
তথ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্যদিকে, ৮৮ বছর বয়সী এক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্রোগের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জরুরি সেবায় যোগাযোগ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এছাড়া ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ফাইনালকে ঘিরে রাজধানীর ওবেলিস্ক এলাকায় সমর্থকদের উদযাপনের সময়ও বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া অতিরিক্ত মদ্যপান, ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

