নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ চলাকালে এলাকার দুই বাসিন্দা ইলিয়াস খান ও রাসেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। খেলা শেষ হলেও সেই বিরোধের রেশ থেকে যায়।
অভিযোগ রয়েছে, রাতে সাড়ে ১০টার দিকে রাসেল ও তার ছেলে সিয়াম ইলিয়াস খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সোমবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

