সময়পত্র ডেস্ক: দেশজুড়ে সব শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সব ধাপ সফলভাবে অতিক্রম করে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে বুধবার ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হচ্ছে।

