ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। রাজধানী অসলোর রাস্তায় দলটিকে স্বাগত জানাতে জড়ো হন এক লাখেরও বেশি সমর্থক। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা মুহূর্তেই রূপ নেয় জাতীয় উদযাপনে।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকেই রাজপ্রাসাদ চত্বরে ভিড় করতে শুরু করেন সমর্থকেরা। আগের দিন অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় নরওয়ের। তবুও দলটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানকে সম্মান জানাতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন।
দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে দলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর রাজধানীতে শুরু হয় বিজয় শোভাযাত্রা।
সমর্থকদের দীর্ঘ সারি রাজপ্রাসাদ চত্বর ছাড়িয়ে কার্ল জোহানস গাতে পর্যন্ত বিস্তৃত হয়। এর আগে নরওয়ে দলের খেলোয়াড়রা রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজপ্রাসাদের সিঁড়িতে এসে সমর্থকদের শুভেচ্ছা জানান খেলোয়াড়রা। এ সময় তাদের পেছনে আনুষ্ঠানিক অবস্থানে ছিল রয়্যাল গার্ড।
তবে উদযাপনের শেষ পর্বে উপস্থিত ছিলেন না দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নির্ধারিত ফ্লাইট ধরতে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করেন। ফলে সতীর্থদের সঙ্গে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নিতে পারেননি তিনি।
হালান্ডের অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাকেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে দলের ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়েছিল। তাই আর্লিং হালান্ড ও সান্ডার বের্গেকে তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে আগেভাগেই চলে যেতে হয়েছে।
পরে নরওয়ে দলকে নিয়ে অসলোর বিভিন্ন সড়কে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবলে নতুন আশা জাগানো এই দলকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসেন লাখো সমর্থক।

