ক্রীড়া ডেস্ক: কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর এবার সেমিফাইনালের প্রস্তুতিতে নেমেছে আর্জেন্টিনা। তবে সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত দলের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে।
চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো অনুশীলন সেশনে অনুপস্থিত থাকলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এটি চোটজনিত কারণে নয়। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি দূর করতে এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
রিকভারি সেশনে শুধু মেসিই নন, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে খেলা অধিকাংশ ফুটবলারকেই বিশ্রামে রাখা হয়।
কানসাসের অনুশীলনে মূলত রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই কাজ করেন স্কালোনি। সেমিফাইনালের আগে বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখাই ছিল এই সেশনের মূল লক্ষ্য।
অন্যদিকে, শুরুর একাদশের বেশিরভাগ খেলোয়াড় বিশ্রামে থাকলেও অনুশীলনে বেশ প্রাণবন্ত দেখা গেছে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করা ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজকে।

