নিজস্ব প্রতিনিধি: আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীর বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কোনো ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চায় সরকার।
জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে কোনো বাধাই সরকারের অগ্রযাত্রা থামাতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

