নিজস্ব প্রতিনিধি: দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বহর সম্প্রসারণে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এ বিনিয়োগের আওতায় বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। পরিকল্পনা বাস্তবায়িত হলে এয়ারলাইনসটির মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৬টিতে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলার এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের কাছ থেকে লিজের মাধ্যমে উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। ২০২৭ সালের মধ্যে পুরো পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। পাশাপাশি দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনারও পরিকল্পনা রয়েছে।
আগামী ২৯ জুলাই রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বোয়িং, আন্তর্জাতিক এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং দেশি-বিদেশি এভিয়েশন খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইউএস-বাংলা জানিয়েছে, এটি শুধু বহর সম্প্রসারণ নয়, বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের অন্যতম বড় বিনিয়োগ।
নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজগুলোতে আন্তর্জাতিক মানের কেবিন, প্রিমিয়াম আসন, আধুনিক ওয়্যারলেস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা থাকবে। ফলে যাত্রীরা আকাশে ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহার, বার্তা আদান-প্রদান এবং অন্যান্য ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুট ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু ও কারিগরি জনবলসহ বিভিন্ন ক্ষেত্রে শত শত নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। নতুন ২১টি বোয়িং যুক্ত হলে বহরের মোট উড়োজাহাজের সংখ্যা হবে ৪৬টি।

