নিজস্ব প্রতিনিধি: ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন। এর ব্যবহার কমানো না গেলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, সাম্প্রতিক জলাবদ্ধতার সময় পানি চলাচলের পথগুলোতে বিপুল পরিমাণ পলিথিন জমে থাকতে দেখা গেছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেন ও খাল থেকে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করেছেন। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। নগরীর খালগুলোকে পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি ঢাকার বৃষ্টির পানি দ্রুত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।
সংবাদ সম্মেলনে তিনি ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজনের ঘোষণাও দেন।

