সময়পত্র ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী ‘কে-টু এয়ারওয়েজ’-এর একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ আরব সাগর থেকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টার টানা অভিযানের পর পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হলেও, বিমানে থাকা পাঁচজন ক্রুর এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে শারজাহ থেকে করাচির উদ্দেশে উড্ডয়নের পর বিমানটির নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের মাত্র তিন মিনিট পর বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। এর আগে এটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং দিক পরিবর্তন করে সমুদ্রের দিকে নেমে যায়। পরে করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে আরব সাগরে বিমানটি বিধ্বস্ত হয়।
উদ্ধার অভিযান শেষে ওরমারা উপকূলসংলগ্ন এলাকা থেকে বিমানটির মূল কাঠামোর বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
এদিকে, এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিখোঁজ পাঁচ ক্রুর পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান ইদ্রিস, ফার্স্ট অফিসার ফয়সাল জাটোই, ফ্লাইট ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদ, মুহাম্মদ আরিফ সিদ্দিকী এবং লোডমাস্টার মুহাম্মদ তৌফিক খান।

