নিজস্ব প্রতিনিধি: নগরবাসী যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে।
মন্ত্রী বলেন, চিকিৎসাসেবার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি ও সেবার মান ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে।

