নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৭২ শতাংশই মানুষকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। তাই সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে প্রণোদনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

