নিজস্ব প্রতিনিধি: মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় অঞ্চল থেকে সরে গিয়ে মৌসুমি নিম্নচাপটি বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও পার্শ্ববর্তী দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সমুদ্রবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

