নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত হাম পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে নতুন ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।
একই সময়ে পরীক্ষায় আরও ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
এদিকে, একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে মোট ৬৩৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

